ইপেপার / প্রিন্ট
বরগুনার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে ক্ষুরা রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খামারিদের দাবি, তাদের অধিকাংশ গরুই এ রোগে আক্রান্ত হয়েছে। তবে সরকারি ভ্যাকসিন ও ওষুধের সংকট থাকায় চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন তারা। এতে গরুর মৃত্যু ও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী গ্রামের খামারি মিলন চন্দ্র রায়ের ছয়টি গরুই গত এক মাস ধরে ক্ষুরা রোগে আক্রান্ত। একই এলাকার নাসিরের পাঁচটি গরুও আক্রান্ত হয়েছে, যার মধ্যে একটি ছোট গরু মারা গেছে। স্থানীয়দের দাবি, এলাকাজুড়ে আরও বেশ কয়েকটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
খামারিরা অভিযোগ করেন, প্রাণিসম্পদ দপ্তর থেকে ভ্যাকসিন বা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে ওষুধ কিনে চিকিৎসা করাতে হচ্ছে। অনেকের হাজার হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, বর্তমানে ভ্যাকসিনের মজুদ নেই। তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন ভ্যাকসিন সরবরাহ পাওয়ার আশা করা হচ্ছে। তিনি খামারিদের আক্রান্ত পশুকে আলাদা রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।