ইপেপার / প্রিন্ট
ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কেবল দলের সদস্য নয়, দেশের যোগ্য মানুষকেও মন্ত্রী পদে নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বাংলাদেশের অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্য মানুষ আছে, এবং সরকার গঠনের সময় তাদেরও বিবেচনা করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের পলিসি সামিট চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের বলেন, “আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। শুধু দলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না; দেশের মানুষ থেকে যোগ্য মানুষকেই আমরা মন্ত্রিত্বের জন্য বিবেচনা করবো। দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত, নারীর নিরাপত্তা, বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য আমরা স্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করছি।”
ডা. তাহের আরও জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা, ফরেন পলিসি, মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রকল্পগুলো, এবং দেশের নিরাপদ পরিবেশ গড়ে তোলা—বিশেষ করে নারীদের নিরাপত্তা—এই সব বিষয়ে সামিটে বিস্তারিত আলোচনার সুযোগ হয়েছে।
তিনি অনলাইনে নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে বলেন, “অনলাইন এখন একটি নতুন কৌশল। আমরা অনলাইনে বিলবোর্ডের মাধ্যমে সীমিত পরিমাণে ভোটারদের কাছে পৌঁছাবো। তবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ওয়ান-টু-ওয়ান কনট্রাক্ট, যেখানে আমাদের লোকেরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেক নির্বাচকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।”
ডা. তাহেরের বক্তব্য অনুযায়ী, জামায়াতের নীতি হবে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মন্ত্রী নির্বাচন করা, যাতে দেশের রাজনীতি ও অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।