ইপেপার / প্রিন্ট
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুরবন এলাকায় বালিয়াড়ির নিচে একটি পরিত্যক্ত দোকানের গর্ত থেকে ১৬৩টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্থানীয় এক ব্যবসায়ী দোকান খুলতে গিয়ে বালুর নিচে নড়াচড়া দেখতে পান এবং বিষয়টি টের পান।
পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরবর্তীতে বন বিভাগ, প্রশাসন ও পরিবেশকর্মীদের সমন্বয়ে কচ্ছপের বাচ্চাগুলোকে আন্ধারমানিক নদীসংলগ্ন তিন নদীর মোহনায় নিরাপদে অবমুক্ত করা হয়।
পরিবেশকর্মীরা জানান, এগুলো অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে মা কচ্ছপ সৈকতে ডিম পেড়েছিল এবং প্রাকৃতিকভাবে ডিম ফুটে বাচ্চা বের হলেও দোকানের নিচে আটকে থাকায় তারা সাগরে যেতে পারেনি।
বন বিভাগ জানিয়েছে, সামুদ্রিক কচ্ছপ উপকূলীয় জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সংরক্ষণে নিয়মিত নজরদারি ও স্থানীয়দের সচেতনতা বাড়ানোর কাজ চলছে। স্থানীয় প্রশাসনও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এবং পরিবেশ রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।