ইপেপার / প্রিন্ট
কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জনের প্রাণহানির ঘটনায় গেটম্যানদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাদের দায়িত্বে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত গেটম্যান মো. হেলাল (৪১)–কে কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তিনি মামলার প্রধান আসামি। অপর গেটম্যান মেহেদী হাসানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে একটি রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট বন্ধ না থাকায় বাসটি লাইনে উঠে যায় এবং ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে।
গ্রেপ্তার হেলালকে বাংলাদেশ রেলওয়ে পুলিশ–এর আওতাধীন লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।