ইপেপার / প্রিন্ট
ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চর কালির আলগায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
‘ঈদের আনন্দ হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৯ মে) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়। উদ্যোগটি নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।
মানবিক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
মাংস পেয়ে খুশি চরাঞ্চলের মানুষ। স্থানীয় বাসিন্দা আম্বিয়া বেগম বলেন, ঈদের দিনেও অনেক সময় গরুর মাংস খাওয়ার সুযোগ হয় না তাদের। এই সহায়তায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটেছে।
অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, চরের অনেক মানুষ ঈদের দিনেও কোরবানির মাংস থেকে বঞ্চিত থাকেন। তাদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নদীভাঙন ও দারিদ্র্যের কারণে চরাঞ্চলের মানুষের জীবন অনেক কষ্টের। এমন উদ্যোগ অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে।