বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল–এ রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন রাতে ট্রাফিক ডাইভারসন কার্যক্রম পরিচালনা করা হবে।
রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউব ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় টানেলের ভেতরে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হওয়ায় বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী উভয় প্রান্তে যান চলাচলে সাময়িক অপেক্ষার সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনকে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে যাত্রী ও চালকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।