ইপেপার / প্রিন্ট
কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহের (২৮) মারা গেছেন।
রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় আবু তাহেরকে হাসপাতালে আনা হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ইনহেলেশন বার্নসহ শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
উল্লেখ্য, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এতে অন্তত ১০ জন দগ্ধ হন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে এবং দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।