‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজন করেছে, যা পরিচালিত হয়েছে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট-এর সহযোগিতায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পিএফডিএ-ভিটিসির প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী ও সহযোগী নাজমুস সাকিব। এছাড়া উপস্থিত ছিলেন পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ বেগম নুরজাহান দীপা সহ অন্যান্য কর্মকর্তারা।
বিশেষ এই দিবস উদযাপনের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন গত বছর চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি প্রদান করেছে। একই সঙ্গে, প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার করার জন্য একটি সমন্বিত ফলো-আপ সেশন আয়োজন করা হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা।