ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করে তিনি এই অপরাধের সুষ্ঠু বিচার ও আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান বলে মন্তব্য করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির এ কথা জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।”
তিনি আরও লেখেন, এখন তিনি ন্যায্য বিচার প্রত্যাশা করছেন। তার ভাষায়, “এখন ন্যায়বিচারটাও পাব—এটাই প্রত্যাশা। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই।”
জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াতে অনেকেই সাবধান হবে। তিনি মনে করেন, এই ঘটনা থেকে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষও শিক্ষা নেবে।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, “অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।” একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স আইডি হ্যাক করার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।