রাজধানীর উন্নয়ন প্রকল্প ও নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নতুন টাস্কফোর্স গঠন করেছে রাজউক। সংস্থাটি জানিয়েছে, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে কাজের মান পর্যবেক্ষণ ও তদারকি আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুনের অনুমোদনে এই টাস্কফোর্স গঠন করা হয়।
সূত্র জানায়, টাস্কফোর্সের কাজ হবে রাজউকের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত পরিদর্শন করা এবং মাসিক ভিত্তিতে প্রতিবেদন দাখিল করা। পাশাপাশি নির্মাণকাজ নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করবে তারা।
এছাড়া মান নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশও করতে পারবে এই টাস্কফোর্স।
টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) এবং সদস্য সচিব করা হয়েছে নির্বাহী প্রকৌশলী (প্রকল্প প্রণয়ন)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রকল্প), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) এবং সহকারী প্রকৌশলী (প্রকল্প প্রণয়ন)।
রাজউক বলছে, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর উন্নয়ন কাজের স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।