ইপেপার / প্রিন্ট
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানবাহনের অপেক্ষা, পর্যাপ্ত পরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়া দিয়েও সিট না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।
শুক্রবার (৫ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের কড্ডার মোড় এলাকায় শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। পর্যাপ্ত বাস না থাকায় অনেকেই ট্রাকসহ বিকল্প যানবাহনে যাতায়াতের চেষ্টা করছেন। তবে এসব যানবাহনেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
ঢাকাগামী যাত্রী সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করলেও এখনো রওনা হতে পারেননি। অন্যদিকে মিরপুরগামী আয়েশা সিদ্দিকা বলেন, ভাড়ার চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গাড়িতে সিট পাওয়া।
সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দুপুরের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যান চলাচল ছিল ধীরগতির।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার চেষ্টা চলছে।