ইপেপার / প্রিন্ট
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) থেকে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর রেল ভবন-এ ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন নিয়মিত চলবে এবং এই সময়ের মধ্যে কোনো ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। তবে ঈদের পর আবার আগের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক বন্ধ কার্যকর করা হবে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বড় বড় স্টেশনে নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি থাকবে। এ কাজে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং স্থানীয় পুলিশের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন এলাকা এবং রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।