ইপেপার / প্রিন্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। শিল্পনগরী গাজীপুরের সব কারখানা একযোগে ছুটি ঘোষণা করায় লাখো কর্মজীবী মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতে গাজীপুরের চন্দ্রা ত্রীমোড় এলাকায় তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের ব্যাপক যাত্রা শুরু হলে চন্দ্রা এলাকায় চাপ বাড়তে থাকে। এর সঙ্গে টানা দুই ঘণ্টার ভারী বৃষ্টিও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিকেলের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী থেকে চন্দ্রা উড়ালসড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।
যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে এখন লাগছে ঘণ্টার পর ঘণ্টা। অনেক দূরপাল্লার বাস দীর্ঘসময় একই স্থানে আটকে রয়েছে।
বাসচালক ও যাত্রীদের ভাষ্যমতে, সন্ধ্যার পর ঢাকা থেকে আরও বেশি দূরপাল্লার পরিবহন বের হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
নাওজোড় হাইওয়ে থানার কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরের পাশাপাশি ঢাকা ও আশপাশের জেলার যানবাহনও একই রুট ব্যবহার করায় চাপ বেড়েছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত যানবাহনের কারণে এই জটলার সৃষ্টি হয়েছে।