ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ব্যালট ছাপানোর সময় সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে এটি সহজে চোখে পড়ে না। দলের পক্ষ থেকে এখনও যেসব ব্যালট পাঠানো হয়নি, সেগুলো সংশোধন করার দাবি তোলা হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এটি একটি মিস, তবে ছাপানোর দায়িত্বে যারা ছিলেন, তাদের কাছ থেকে বিস্তারিত না জেনে মন্তব্য করা সম্ভব নয়। সরকারিভাবে প্রকাশিত গেজেটের ধারাবাহিকতা অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে। ব্যালট পুনঃছাপা হবে কি না, তা এখনও কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এছাড়া, প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিয়েও তদন্ত চলছে। সচিব বলেন, বাহরাইনে ব্যালটগুলো ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে এবং প্রবাসীরা সেগুলো সংগ্রহ করতে পারেন। ভিডিওটি করা ঠিক হয়নি, এ বিষয়ে তদন্ত চলছে।
এই ঘটনায় নির্বাচন কমিশন জানিয়েছেন, ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।