ইপেপার / প্রিন্ট
ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ USS Gerald R. Ford গ্রিসের ক্রিট দ্বীপের ঘাঁটিতে ফিরে যাচ্ছে মেরামতের জন্য। যুদ্ধকালীন মোতায়েনের সময় জাহাজটির লন্ড্রি বিভাগে আগুনের কারণে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সূত্রে জানা গেছে, ইউএসএস গেরাল্ড আর ফোর্ড ইরান যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন-এর সঙ্গে যুদ্ধবিমান ও গোলাবারুদের মজুত ব্যবহার করে বিভিন্ন অভিযান চালিয়েছে। তবে ১২ মার্চ লন্ড্রি বিভাগে ভয়াবহ আগুনের কারণে দুই নাবিক আহত হন এবং জাহাজের অন্তত ১০০টি বিছানা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস হয়।
এর পাশাপাশি, জাহাজটির পাইপলাইন ত্রুটির কারণে ওয়াশরুম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রকৌশলী দল জানিয়েছে, এটি মাঝ-সাগরে মেরামত সম্ভব নয় এবং জাহাজকে ডক-ইয়ার্ডে নিয়ে গিয়ে মেরামত করতে হবে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে প্রতিটি রণতরী সর্বোচ্চ ৬ মাস সাগরে টহল দিতে পারবে, তার বেশি সময়ের পরে এটি মেরামত ও নাবিকদের বিশ্রামের জন্য ঘাঁটিতে ফেরাতে হবে। ইউএসএস গেরাল্ড আর ফোর্ড ইতিমধ্যেই ৯ মাস ধরে সাগরে টহল দিচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে, সমস্ত পরিস্থিতি বিবেচনা করে জাহাজটি গ্রিসে ফেরানো হচ্ছে, যেখানে এর মেরামত কার্যক্রম সম্পন্ন হবে এবং নাবিকদের বিশ্রাম নিশ্চিত করা হবে।