ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাজার কোটি টাকার দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তিনি হুঁশিয়ারি দেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে নাছির উদ্দিন বলেন, “জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়া একজন ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া পরে উপদেষ্টা হয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এটি বাংলাদেশে ওপেন সিক্রেট।”
তিনি আরও বলেন, “এখন তিনি নির্বাচন কমিশনে চোখ রাঙাচ্ছেন, কিন্তু কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। কারো চোখ রাঙানিতে আমাদের ভয় নেই। দেশের মানুষ সব জানে, তাই হুমকি-ধমকিতে ছাত্রদলের কোনো নেতাকর্মী ভয় পাবে না। আমরা মাঠে আছি এবং থাকব।”
নাছির উদ্দিন নাছির শিক্ষা খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানুয়ারি মাসের ৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা চিঠি প্রকাশ করেননি। চিঠিতে বলা হয়েছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখতে, কিন্তু উপাচার্য তা অবহেলা করে ২০ জানুয়ারি নির্বাচন ঠিক করেন এবং ছাত্রশিবিরকে জেতাতে তদবির করেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে ছয়দিন প্রচার বন্ধ ছিল। কীভাবে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে?” পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের জন্য গঠিত ১৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ৮ জন পদত্যাগ করেছেন, যা নির্বাচনকে বিতর্কিত করেছে।
নাছির উদ্দিন নাছির বলেন, “শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। তিনটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে রাত অবধি কর্মসূচি চলবে।”