সংযুক্ত আরব আমিরাত–এর আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এর বাইরের অংশে ড্রোন হামলার ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত কিংবা তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সীমানার বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। পরে জরুরি সেবা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, হামলায় কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা বা তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো প্রভাব পড়েনি। বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে হামলার পেছনে কারা জড়িত, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বেড়েছে।