ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান জানিয়েছেন, তার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না। তিনি বলেন, কিশোরদের রাজনীতি ও মিছিলে অংশ নেওয়ার বয়স হয়নি এবং এই ধরনের গ্যাং মিছিলে প্রয়োজনও নেই।
বুধবার নগরের লালখান বাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনীতি কেবল নেতৃত্বের জন্য নয়, মানুষের জন্য কী উপকারী এবং কোন উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই হবে তা ভেবে সিদ্ধান্ত গ্রহণই সংসদের প্রধান দায়িত্ব।
নিজের সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে সাঈদ আল নোমান উল্লেখ করেন, তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং তার পিতার নামের সঙ্গে যুক্ত কর্ণফুলী তৃতীয় সেতু, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, চার শহীদের স্মরণে কলেজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া, স্টেডিয়াম উন্নয়ন, জমিয়াতুল ফালাহ ও বিমানবন্দর সম্প্রসারণেও কাজ করেছেন।
চট্টগ্রামের স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জেনারেল হাসপাতালের সক্ষমতা সীমিত, এবং পাহাড়তলী, খুলশী ও হালিশহর এলাকায় সরকারি হাসপাতালের ঘাটতি প্রকট। তিনি বলেন, দেশের প্রায় ৯৫% মানুষ উন্নত বেসরকারি চিকিৎসা নিতে পারছে না, তাই সরকারি উদ্যোগে বৃহৎ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপন করা জরুরি।