ইপেপার / প্রিন্ট
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে আফগানিস্তান বা ভারতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ স্থানে বেরিয়ে আসেন।
আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চল ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে।
উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে ৪.৩ থেকে ৫.৩ মাত্রার অন্তত পাঁচটি ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েকটি মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন।