ইপেপার / প্রিন্ট
আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজারের লাবনী ও ইনানী সমুদ্র সৈকতে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। কেওক্রাডং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আয়োজকরা জানান, প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্যের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হুমকির মুখে পড়েছে। সৈকতকে পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুই দিনের অভিযানে সমুদ্র সৈকত এলাকা থেকে প্রায় ৭ টন প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পর্যটকদের অসচেতনভাবে ফেলে যাওয়া প্লাস্টিক ও বর্জ্যের পরিমাণ উদ্বেগজনক। তারা সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
কেওক্রাডং বাংলাদেশের পরিচালক মুনতাসির মামুন বলেন, প্রায় দুই দশক ধরে তারা পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি বলেন, রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।