ইপেপার / প্রিন্ট
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত এমরান মিয়া বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে। এসময় তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে হঠাৎ পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আহতের গ্রামের বাড়ির সঠিক ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।