ইপেপার / প্রিন্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ সমমনা ১১ দলের মধ্যে গঠিত আসন সমঝোতা নিয়ে আজই চূড়ান্ত ঘোষণা আসছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জামায়াতে ইসলামীসহ সমঝোতার জোটভুক্ত অন্য ১০ দলের নেতারা উপস্থিত থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে অংশ নেননি।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হল (দ্বিতীয় তলা)-এ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন সমঝোতা বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ জাতির সামনে তুলে ধরা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং কোন কোন আসনে কোন দল প্রার্থী দেবে— সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনী কৌশল ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী ও ইসলামপন্থি দলগুলোর মধ্যে এই আসন সমঝোতা আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
সব মিলিয়ে, আজ রাতের সংবাদ সম্মেলন ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।