ইপেপার / প্রিন্ট
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন এবং ঝটিকা মিছিল করার চেষ্টা করতে পারেন।
পুলিশের আশঙ্কা, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বাড়তি সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিবেচনায় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নামে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ এবং কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আটক হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।