ইপেপার / প্রিন্ট
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৬তম সমাবর্তন বুধবার (২১ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। এতে ২,৪৯৬ শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ২,১৪০ জন স্নাতক এবং ৩৫৬ জন স্নাতকোত্তর পর্যায়ের।
সমাবর্তনে পাঁচজন স্নাতক আচার্য স্বর্ণপদক (চ্যান্সেলর্স গোল্ড মেডেল) এবং একজন ‘অল-রাউন্ডার’ স্বর্ণপদক পান। প্রতিটি স্নাতককে ৫০০ টাকার বুক ভাউচার দেওয়া হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে ড. সি. আর. আবরার সনদ প্রদান করেন। বক্তৃতা দেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য ড. ম. তামিম, সহ-উপাচার্য ড. ড্যানিয়েল ডব্লিও লুন্ড এবং ছয় অনুষদের ডিনরা।
উল্লেখযোগ্য বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজে ন্যায়, সচেতনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। এছাড়া সৃজনশীলতা, বৈজ্ঞানিক মনোভাব এবং সামাজিক দায়বোধ বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন সাজিদ বিন মোহাম্মদ। অন্যান্য স্বর্ণপদকজয়ীরা হলেন তাসনুভা মাহমুদ, আসাদুল্লাহ্ ইবনে মাসুদ, জাহরা আলম লিয়া, নাজমুন নাহার এবং অল-রাউন্ডার আহমদ তাওসিফ জামী। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের অসাধারণ শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক কর্মকাণ্ডে সফল শিক্ষার্থীরাও সম্মাননা পান।
সমাবর্তনের সমাপ্তিতে সংগীত পরিবেশন করেন প্রিতম হাসান, বগা তালেব এবং আইইউবি মিউজিক ক্লাব; নৃত্য পরিবেশন করেন আইইউবি ডান্স ক্লাব।