ইপেপার / প্রিন্ট
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
গত ৮ মে সিডনিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে নিয়মিত অভিবাসন ব্যবস্থা, জনসম্পৃক্ততা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ গুরুত্ব পায়। উভয়পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের প্রশংসা করেন। তিনি শিক্ষা, ব্যবসা, পেশাগত দক্ষতা ও সামাজিক সম্প্রীতিতে বাংলাদেশি অভিবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি সহযোগিতা ও আতিথেয়তার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানিয়েছে হাইকমিশন।