ইপেপার / প্রিন্ট
মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “অলি আহমদ একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি মামলাটি অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সংক্রান্ত প্রেক্ষাপট:
গত ৮ জানুয়ারি রাতে সাতকানিয়া পুরানগড় ইউনিয়নে বিএনপি নেতাদের সঙ্গে এম এ হাশেম রাজুর দলীয় কর্মসূচির সময়, ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ড পশ্চিম পাশে ভাঙা ব্রিজ এলাকায় হামলার মুখে পড়ে।
এই হামলার অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু মামলা দায়ের করেন।
লিখিত অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এলডিপি সভাপতি অলি আহমদসহ ১২ জন এবং আরও ৫০–৬০ অজ্ঞাতজনের সম্পৃক্ততা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, হামলাটি পরিচালিত হয়েছে অলি আহমদের নির্দেশে।