ইপেপার / প্রিন্ট
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রং করা ও আলপনা আঁকার কাজ চলছে পুরোদমে।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মিনারের বিভিন্ন অংশ ধুয়ে নতুন রূপ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু অংশে সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে। রংয়ের কাজ শেষ হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো। মূল চত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে হলেও আশপাশের সড়কে আলপনা আঁকায় ব্যস্ত চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
চারুকলা অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি জানান, প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে কাজ করছেন। লাইন টানার কাজ শেষ হয়েছে, এখন চলছে রং করার কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা চলছে।
একই অনুষদের শিক্ষার্থী বিবেক কুমার বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা দায়িত্ব ভাগ করে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজন সম্পন্ন হবে।
এছাড়া শহীদ মিনার এলাকার দেয়ালে বর্ণমালা লিখন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি তৈরির প্রস্তুতিও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও এগিয়ে যাচ্ছে।
আগামীকাল রাত থেকেই ফুল হাতে মানুষ শহীদ মিনারে আসতে শুরু করবেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবে পুরো প্রাঙ্গণ।