৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) আগে অনলাইনে ‘বিপিএসসি ফরম-৩’ পূরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সম্প্রতি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, প্রার্থীদের নিজ নিজ বিসিএস ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফরমটি পূরণ করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ফরমটি সম্পূর্ণ বাংলায় পূরণ করতে হবে। এ জন্য প্রার্থীদের কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার ও ইউনিকোড সমর্থিত আপডেটেড ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। লগইন করার পর সরাসরি বাংলা টাইপ করার সুবিধা থাকবে, পাশাপাশি অন্য উৎস থেকে তথ্য কপি করে ইনসার্ট করার সুযোগও থাকবে।
ফরম পূরণের সময় ‘ফ্রিডম ফাইটার স্ট্যাটাস’ সংক্রান্ত চারটি অপশন থেকে সঠিকটি নির্বাচন করতে হবে। অপশনগুলো হলো— বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনা (যুদ্ধাহত) সন্তান এবং নন-ফ্রিডম ফাইটার। নির্বাচিত অপশনের ভিত্তিতে সংশ্লিষ্ট অংশ প্রদর্শিত হবে এবং তা যথাযথভাবে পূরণ করতে হবে।
কমিশন জানিয়েছে, ফরম সাবমিট করার পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং পূরণকৃত বিপিএসসি ফরম-৩ এর দুই কপি ভাইভা বোর্ডে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো তথ্য ভুল হলে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় লগইন করে ‘এডিট’ অপশনের মাধ্যমে সংশোধনের সুযোগ থাকবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণদের মধ্য থেকে সাধারণ ক্যাডারের প্রার্থীদের ভাইভা আগামী ১১ মে থেকে শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী এ ধাপে অংশ নেবেন।