ইপেপার / প্রিন্ট
২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। এ বছর মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত, মোট ২৫ দিন ধরে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।
ড. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অংশগ্রহণকারীদের সমন্বয়ে মাসব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। অন্যান্য বছরের মতো এবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু করা সম্ভব না হওয়ায় ২০ ফেব্রুয়ারি থেকে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও সামগ্রিক আয়োজনের ব্যয় বেড়েছে। মেলার প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ, স্টল নির্মাণ কার্যক্রম চলমান, এবং সাংস্কৃতিক ও আলোচনা সভার সূচি চূড়ান্ত করা হয়েছে।
বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। সীমিত স্থানসংকুলানের কারণে নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৫৬টি প্রতিষ্ঠান বর্ধিত স্টল চেয়ে আবেদন করেছে।
মেলার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। শুক্রবার ও শনিবার মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, রমজানের সময়সূচি অনুযায়ী ইফতার, তারাবীহ ও নামাজের সময় বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।