দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ (সোমবার)।
রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের রিক্রিয়েশন হলে বিকেল ৫টায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এই কার্ড হজযাত্রীদের যাত্রা আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এম রাশিদুজ্জামান মিল্লাত, এম ইয়াসের খান চৌধুরী, মাহদি আমিন এবং এম ডি শামীম কায়সার লিংকন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন এহসান কাতেব এবং লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান।
এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আয়োজকদের মতে, ‘নুসুক কার্ড’ চালুর মাধ্যমে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে, যা হজযাত্রীদের জন্য সেবার মান বৃদ্ধি এবং ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়তা করবে।