ইপেপার / প্রিন্ট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পদার্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের ম্যাচটি ঘিরে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রিকেট একাডেমিগুলোর ছাত্রছাত্রী, শিক্ষক ও কোচদের বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ বৈধ প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে থাকলেই তারা স্টেডিয়ামের নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশ করতে পারবেন।
বিসিবির সিলেট বিভাগীয় পরিচালক রাহাত শামস জানিয়েছেন, এ উদ্যোগের লক্ষ্য নতুন প্রজন্মকে টেস্ট ক্রিকেটের প্রতি আরও আগ্রহী করে তোলা। তিনি বলেন, “শুধু ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এবং একাডেমির খেলোয়াড়দের জন্য প্রবেশ ফ্রি। টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করা এবং তরুণ প্রজন্মকে মাঠে টেনে আনাই মূল উদ্দেশ্য।”
স্টেডিয়ামে প্রবেশের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রবেশের গেট নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামে প্রবেশের জন্য গেট নম্বর ২, আর গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত খোলা থাকবে। দর্শকদের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থাও থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, বাইরের খাবার ও পানি বোতল সঙ্গে নেওয়া যাবে না।
অন্যদিকে সাধারণ দর্শকদের জন্যও রয়েছে কম মূল্যের টিকিট।
গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড: ৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা
ক্লাব হাউস: ২৫০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করেছে। স্টার্লিং ও কারমাইকেল জুটি চাপে ফেলে রেখেছে বাংলাদেশকে। তবে টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও নতুন দায়িত্বে নাজমুল হোসেন শান্ত সঠিক শুরু করতে দৃঢ়প্রতিজ্ঞ।