ইপেপার / প্রিন্ট
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড–এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এবং তারেক রহমান।
রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জানাজা শেষে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্পিকারসহ অন্যান্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মরহুম মিজানুর রহমান ছিলেন দেশের স্বাস্থ্য ও শিল্প খাতে পরিচিত একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।