ইপেপার / প্রিন্ট
আজ (রোববার) জাতীয় সংসদে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে বিস্তৃত বাক্যবিনিময় ও তর্ক-বিতর্ক চলেছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দাবি করেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর বিশেষ অধিবেশন আহ্বান করা হোক এবং সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হোক। তিনি বলেন, আজকের অধিবেশনে ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রেখে বিষয়টি আলোচনার জন্য গুরুত্ব দেওয়া উচিত।
সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বিধি অনুসারে বিরোধীদলীয় নেতাকে অপেক্ষা করার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, সংসদীয় রীতি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধি শেষ হওয়ার পর যেকোনো বিষয় উত্থাপন করা যায়।
আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে বারবার মূল বক্তব্যে ফিরে আসার নির্দেশ দেন। মন্ত্রী জানান, সরকারেরও বিরোধীদলীয় প্রস্তাব নিয়ে বলার আছে, তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধির পর আলোচনা হওয়া উচিত।
বিরোধীদল অভিযোগ করেন, বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট হলেও তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ব্যাখ্যা দিচ্ছেন। ডা. শফিকুর রহমান জানান, স্পিকারের পরামর্শ অনুযায়ী তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়েছেন এবং এটি তার অধিকার ও দায়িত্ব।
শেষপর্যায়ে স্পিকার সংসদীয় বিধি অনুসারে বিষয়টি পরবর্তী কার্যদিবস বা নির্ধারিত সময় আলোচনার জন্য স্থগিত রাখার আশ্বাস দিলে সংসদের উত্তপ্ত পরিবেশ শান্ত হয়।