ইপেপার / প্রিন্ট
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী **শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকার জমি ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবের ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল স্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য পৃথক দুটি আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ ছিল, জাহাঙ্গীর আলমের সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তরের সম্ভাবনা থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে ক্রোক অপরিহার্য। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের ব্যাংক হিসাবের অর্থও সরিয়ে ফেলার আশঙ্কায় অবরুদ্ধ করার আবেদন করা হয়। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর ২০২৫ দুদক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে। মামলায় বলা হয়:
কামরুন নাহারের বিরুদ্ধে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।