বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়ন-এর কাছে। এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে। তবে তাদের স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাতে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি দুর্যোগ পূর্ব প্রস্তুতি, জরুরি ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন ব্যবস্থায় বাংলাদেশের অর্জনকে “রোল মডেল” হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, ভূমিকম্প, দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা (early warning system) এবং উদ্ধার কেন্দ্র উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা সংকট একটি দীর্ঘমেয়াদি মানবিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ, যার সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। ইইউর সঙ্গে চলমান সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।