ভারতের রাজস্থান রাজ্যে চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ভোরে ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বি-১ নামের বগিটিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে আগুন লাগা বগিটি ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনে আক্রান্ত বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।
রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের দ্রুত বগি থেকে নামিয়ে অন্য বগিতে স্থানান্তর করা হয়। তাদের নিরাপদে কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং পরে বিকল্প ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ট্রেনটিতে নতুন একটি বগি সংযুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। ট্রেনটির রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত নিজামুদ্দিন রেলস্টেশন পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং ঘটনাস্থলটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।