ইপেপার / প্রিন্ট
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেওয়ার প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সংবাদ সম্মেলনে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং জনগণের ভোগান্তি লাঘবে এখনই এমন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
ব্যারিস্টার ফুয়াদ জানান, রমজানের আগেই বাজার গরম হয়ে উঠছে এবং দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট ইতোমধ্যে সক্রিয়ভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেট ও দ্রব্যমূল্য বাড়ানোর চক্রে যারা জড়িত, যদি তারা সরকারি দলের সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, রমজানের পুরো মাস এবং ঈদ পর্যন্ত যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সিন্ডিকেট ভাঙার কাজ করতে হবে। এটি সরকারের জন্য জনগণের স্বস্তি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি উল্লেখ করেন, যৌথ বাহিনী ইতিমধ্যেই প্রায় দেড় বছর ধরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দায়িত্বে নিযুক্ত থাকলেও, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে এই বিশেষ দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন।
ব্যারিস্টার ফুয়াদ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল জনগণের ভোগান্তি কমানো ও সুশাসন নিশ্চিত করা। যদি সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়, তবে তা জনস্বার্থবিরোধী অবস্থান হিসেবে গণ্য হবে।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন এবং সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।