ইপেপার / প্রিন্ট
রাজধানীর মোহাম্মদপুরে রাতের বেলায় বাড়ির গেট খোলার অপেক্ষায় থাকা এক ফটোগ্রাফারকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাঈদ হাসান তানিম, যিনি জুলাই যাদুঘরের ফটোগ্রাফার হিসেবে কাজ করেন, তিনি জানান—কাজ শেষে বাসায় ফিরে গেট খোলার জন্য অপেক্ষা করার সময়ই দুইজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নুর জাহান রোড, মোহাম্মদপুর এলাকায়। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা চাপাতি ও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ক্যামেরা, ল্যাপটপ ও মোবাইলসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
তানিমের অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তার ওপর শারীরিক হামলা চালিয়ে মাথা ও শরীরে আঘাত করে এবং হত্যার হুমকি দেয়। পরে তারা একটি ম্যাকবুক ল্যাপটপ, সনি এফএক্স-৩ ক্যামেরা, লেন্স এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি ফটোশুট শেষ করে রাতে বাসার কাছে পৌঁছান এবং গেট খোলার অপেক্ষায় ছিলেন। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে আসা দুইজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে হামলা চালায়।
এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ ধরনের ঘটনার তথ্য তার জানা নেই এবং বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা রাতে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।