ইপেপার / প্রিন্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে এই এলাকায় হর্ন বাজানো হলে চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর ২০২৫ থেকে বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে ১.৫ কিলোমিটার এলাকা–উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায়ও এই বিধিনিষেধ প্রযোজ্য। নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
ডিএমপি জানিয়েছে, ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সড়ক ও পার্কিং এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড কার্যকর করা হবে। এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। অপরাধের মাত্রা অনুযায়ী অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাড়িচালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী বিমানবন্দর এলাকায় হর্ন ব্যবহার না করা উচিত।