ইপেপার / প্রিন্ট
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করছে। এ প্রযুক্তি ও ভোট প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্রিফিংয়ে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রিফিংটি ২০ জানুয়ারি বিকেল ৪টা থেকে ৫:৩০ পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হবে।
প্রতিটি রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুইজন প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থী অথবা তার মনোনীত প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। ব্রিফিংয়ে ডিজিটাল ভোট প্রক্রিয়া ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি তুলে ধরা হবে, যাতে প্রবাসী ভোটারদের ভোটাধিকার সুষ্ঠুভাবে নিশ্চিত করা যায়।
ইসি আরও জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হবে।