ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা খোঁজার চেয়ে নিজের লক্ষ্য ও সক্ষমতা বিবেচনা করার ওপর জোর দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মেঘনা আলম।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মেঘনা আলম বলেন, “নির্বাচনে কে কি করল, সেটি আমার দেখার বিষয় নয়। আমি নিজে কি করতে চাই, কি করতে পারব—সেটাই মুখ্য বিষয়। নির্বাচনে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়। এটি দেশের জন্য নিজেকে কতটা উৎসর্গ করতে চাইছি, তা জনগণকে জানানোর সময়।”
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসন থেকে ট্রাক মার্কায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। মেঘনা আলম আশা প্রকাশ করেন, একজন নারী হিসেবে সংসদে নির্বাচিত হতে পারলে এটি হবে নারীদের জন্য ঘুরে দাঁড়ানোর বড় উদাহরণ।
প্রার্থী উল্লেখ করেন, তিনি নিপীড়িত মানুষের, গণতন্ত্র প্রতিষ্ঠার এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। “আমার জয় হোক বা না হোক, যে প্রতিশ্রুতিতে নিজেকে আবদ্ধ করেছি, সেটি সবসময় পালন করব।”
মেঘনা আলম দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি শহীদদের প্রতি সম্মান রাখব—২০২৪ সালের আন্দোলনের শহীদদের, মুক্তিযুদ্ধের শহীদদের, ভাষা আন্দোলনের শহীদদের এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহীদদের।” তিনি আরও বলেন, “আমাদের দেশ দীর্ঘ ইতিহাসের অংশ; পাকিস্তান আমল থেকেই জাতিগতভাবে বিদ্রোহ করা ও অন্যায় প্রতিরোধ করা আমাদের ইতিহাসের অপরিহার্য অংশ।”