ইপেপার / প্রিন্ট
সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত-এর ওপর ২০০৪ সালের গ্রেনেড হামলার মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তাদের হাজিরা নিশ্চিত হয়।
মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশ চলাকালে হঠাৎ গ্রেনেড বিস্ফোরণ ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল।
অ্যাডভোকেট ফয়েজ বলেন,
“দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়া শেষে মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আজ আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জেরা সম্পন্ন হয়েছে। বিচারক সরাসরি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে প্রশ্ন করেছেন। এর জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।”
তিনি আরও বলেন,
“আসামিরা শুরু থেকেই এ মামলায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন এবং আশা করছেন, আদালত উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনগত দিক বিবেচনায় নিয়ে ন্যায়সঙ্গত রায় দেবেন।”