ইপেপার / প্রিন্ট
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এর গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। এর আগে বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সংস্থাটি আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।
এদিকে, বুধবার রাতে প্রকাশিত দেশের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।