ইপেপার / প্রিন্ট
রাজধানী ঢাকায় আগের কয়েক দিনের তুলনায় শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোর ও সকালে এখনো ঠান্ডার অনুভূতি রয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের সব বিভাগেই আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।