ইপেপার / প্রিন্ট
রাজধানী ঢাকা-তে আজ বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং ঝোড়ো হাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।