ইপেপার / প্রিন্ট
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজস্ব বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স না থাকা, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ১৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
রোববার (১৮ জানুয়ারি) মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “অনেক প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স হালনাগাদ করেননি বা তা প্রদর্শন করতে পারেননি। এ কারণে তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠান অনুমোদনের বাইরে বিলবোর্ড স্থাপন করেছে। আমরা নতুন করে এগুলো পরিমাপ করে আইন অনুযায়ী কর নির্ধারণ করছি।”
অভিযানে টপটেন, এপেক্স, বে, স্টার ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। বিশেষ করে কাচ্চিভাই খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করা হয়।
অভিযানকালে দেখা গেছে, প্রায় সব প্রতিষ্ঠান অনুমোদনের অতিরিক্ত আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড নতুন করে পরিমাপ করে বিধি অনুযায়ী কর ধার্য করা হয়েছে। নতুন ধার্য করা কর আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি সপ্তাহের মধ্যে নোটিশ দেওয়া হবে।
ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন জানিয়েছেন, নগরে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।