ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌরসভার সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল–ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির সাগর ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা এবং হানিফুর রহমান মজনু হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই সড়কের পাশে খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের ভাই মাহবুব সৈকত জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে পৌঁছান, কিন্তু চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।