ইপেপার / প্রিন্ট
ঝালকাঠি: বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মো. রেজাউল করিম জাকিরসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
সোমবার (২৯ জুন) ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির আহম্মেদ এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য তিনজন হলেন—জেলা যুবলীগ সদস্য মো. মেহেদী হাসান মুন্না (২৯), শাহজাদা মহসিন পরাগ (৪৪) এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান হাবিব রুবেল (৩৭)।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তারা পলাতক ছিলেন। পরে গত ১৮ জুন ঢাকায় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে। এরপর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৭ জুন তাদের ঝালকাঠি জেলা কারাগারে আনা হয়।
সোমবার আদালতে হাজির করে ঝালকাঠি সদর থানার বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের প্রতিবেদনে বলা হয়, নিউমার্কেট থানার হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যে অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি বা পরোক্ষভাবে ঘটনায় জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং গ্রেপ্তারের সময় নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলেও দাবি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী বনি আমিন বাকলাই জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, বিস্ফোরক মামলার পাশাপাশি অন্যান্য মামলাতেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।