ইপেপার / প্রিন্ট
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মঙ্গলবার (১০ মার্চ) জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।
সচিবালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই। রমজান ও ঈদকে নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট যানবাহনের দীর্ঘ লাইন মূলত মানুষের উদ্বেগ ও আতঙ্কের কারণে তৈরি হয়েছে।
প্রতিমন্ত্রী ব্যাখ্যা করেন, পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই। পেট্রোল প্রায় পুরোপুরি বাংলাদেশে পরিশোধিত হয়, অকটেনের সিংহভাগও দেশে পরিশোধন করা হয়, এবং শুধুমাত্র কিছু অংশ আমদানি করতে হয়। মূলত ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা বেশি। তাই জ্বালানি না পাওয়ার আশঙ্কা এবং দাম বাড়তে পারে—এমন উদ্বেগ থেকেই মানুষ আগে থেকেই জ্বালানি সংগ্রহ করছেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কোনো পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ হয়নি; হয়তো কিছু জায়গায় অপেক্ষা করতে হয়েছে। গতকাল প্রায় ৩০ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ আসার কথা ছিল, যার মধ্যে একটি পৌঁছেছে এবং অন্যটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে খালাস শুরু হবে। এছাড়া ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
ভারত থেকে জ্বালানি আমদানি সম্পর্কেও তিনি বলেন, ভারত থেকে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসার একটি পাইপলাইন চুক্তি রয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যে এসেছে এবং বাকি অংশ ধারাবাহিকভাবে সরবরাহ করা হচ্ছে। চুক্তিটি প্রতি বছর নবায়ন হয় এবং বর্তমানে মেয়াদ রয়েছে।
প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ঈদ ও রমজানকে নির্বিঘ্নভাবে উদযাপন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।