ইপেপার / প্রিন্ট
দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়-এর অধীনে চালু হওয়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় কৃষকরা বছরে ২ হাজার টাকা করে প্রণোদনা পাবেন।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে দেশের আট বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। প্রকল্পটি সফল হলে আগামী অর্থবছর থেকে এর পরিধি বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে আরও বেশি কৃষককে অন্তর্ভুক্ত করা হবে।
এই কার্ডের মাধ্যমে কৃষকরা শুধু নগদ প্রণোদনাই নয়, কৃষিঋণ পাওয়ার ক্ষেত্রেও সুবিধা পাবেন। পাশাপাশি বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহসহ মোট ১০ ধরনের সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
এই কর্মসূচি বাস্তবায়নে উন্নয়ন বাজেট থেকে ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার আশা করছে, এর মাধ্যমে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, যেহেতু এটি একটি পাইলট প্রকল্প, তাই ধাপে ধাপে এর সম্প্রসারণ করা হবে। অনেক কৃষক ইতোমধ্যে এই কার্ড পাওয়ার আগ্রহ দেখিয়েছেন, তবে পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে।
এদিকে তিনি জানান, সরকার কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার, হ্যাজার্ড ম্যাপিং ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
একই সঙ্গে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ এবং পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।